এনএসইউতে শিক্ষার্থীদের সৃজনশীল স্থাপত্যকর্মের প্রদর্শনী
ঢাকা, ৭ মে ২০২৬: নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ আয়োজিত ১৯তম আর্কিটেকচার প্রদর্শনী “First Step Towards Architecture” রাজধানীর শিক্ষার্থী ও স্থাপত্য অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে আয়োজিত এ প্রদর্শনী ৩ মে শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকা এই প্রদর্শনীতে স্থাপত্য বিভাগের বিভিন্ন স্টুডিও কোর্সের শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণাভিত্তিক কাজ প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে ARC 111, ARC 112 এবং ARC 213 কোর্সের শিক্ষার্থীদের প্রজেক্টগুলো দর্শনার্থীদের আকর্ষণ করেছে।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার ইকবাল রাজ। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ ও স্টুডিও ইনস্ট্রাক্টররা উপস্থিত ছিলেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের প্রাথমিক স্থাপত্য শিক্ষা, নকশা ভাবনা এবং বাস্তবধর্মী সমস্যা সমাধানের দক্ষতাকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন মডেল, কনসেপ্ট ডিজাইন, ভিজ্যুয়াল উপস্থাপনা এবং সৃজনশীল পরিকল্পনা স্থান পেয়েছে। দর্শনার্থীরা জানান, শিক্ষার্থীদের কাজের মধ্যে নতুন চিন্তা, নান্দনিকতা এবং আধুনিক স্থাপত্য ভাবনার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময়ের স্টুডিও ওয়ার্ক, গবেষণা এবং শিক্ষকদের পরামর্শের মাধ্যমে তারা নিজেদের ধারণাকে বাস্তব উপস্থাপনায় রূপ দিতে সক্ষম হয়েছেন। তাদের এই প্রচেষ্টা পরিবার, বন্ধু এবং সহপাঠীদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতি সেমিস্টারের শেষে এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের কাজ তুলে ধরা হয়, যাতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত যোগাযোগ গড়ে তোলার সুযোগ পায়। একই সঙ্গে এটি ভবিষ্যৎ স্থপতিদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের মতে, স্থাপত্য শিক্ষা কেবল ভবন নকশার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজ, পরিবেশ ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে টেকসই ভবিষ্যৎ নির্মাণের চিন্তাভাবনা গড়ে তোলে।
